স্বাধীনতা যুদ্ধে বিরোধীতাকারী দলটি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে প্রতিষ্ঠিত হয়
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি আলোচিত এবং সমালোচিত নাম
ব্রিটিশ ভারত (১৯৪১-১৯৪৭)
সাইয়েদ আবুল আ’লা মওদুদী ১৯৪১ সালের ২৬ আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক-রাজনৈতিক ইসলামি আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জামায়াত ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল। জামায়াত ১৯৪৬ সালের নির্বাচনের সবচেয়ে বড় দল মুসলিম লীগকে সমর্থন করেনি।
স্বাধীনতা ও ভারত-পাকিস্তান বিভক্তির পর মওদুদী ভারত থেকে পাকিস্তান চলে যান। বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী মূলত পূর্ব পাকিস্তানের সাবেক জাতীয় পার্টির অংশ থেকে সৃষ্টি হয়েছিল।
পাকিস্তান সময়কাল (১৯৪৮-১৯৭১)
পাকিস্তান সৃাষ্টির পর জামায়াতে ইসলামী মূলত ভারত ও পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়ে যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের শাখা থেকে সৃষ্টি হয়। ১৯৬২ সালে আইয়ুব খান প্রণিত মুসলিম পরিবার আইন অধ্যাদেশের বিরোধিতা করার কারণে ১৯৬৪ সালের ৪ জানুয়ারি জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মওদুদী সহ ৬০ জন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পূর্ব পাকিস্তানের ১৩ জন জামায়াত নেতা ছিলেন। অধ্যাপক গোলাম আযম তাদের একজন। ঐ বছর অক্টোবরেই আবার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
জামায়াতে ইসলামী, জেনারেল আইয়ুব খান সামরিক আইন ঘোষণার সময় পাকিস্তানে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে এবং ১৯৬৫ সালে সর্বদলীয় গণতান্ত্রিক জোট গঠিত হয়।
পরবর্তীতে আওয়ামী লীগ প্রদত্ত ছয় দফা এবং মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ঘোষিত ১১ দফার তারা তীব্র বিরোধিতা করে। ১৯৭০ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী পশ্চিম পাকিস্তানে ৪ টি আসন লাভ করে। মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর ডাঃ আব্দুল মালিক কে গভর্নর করে ১৭ই সেপ্টেম্বার একটি প্রাদেশিক সরকার গঠন করা হয়। সে সরকারের মন্ত্রী সভায় পরবর্তীকালে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্বাস আলী খান ছিলেন শিক্ষামন্ত্রী।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৭১)
১৯৭১ সালে জামায়াতে ইসলামী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। জামায়াতে ইসলামী মুক্তি যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করে। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে এই দলের সদস্যরা হত্যা, ধর্ষন, লুটপাট, সংখ্যালঘু নির্যাতনে জড়িত থাকা সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মীকে মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
২৫ মার্চ রাতে সংঘটিত অপারেশন সার্চলাইট এর ছয় দিন পর গোলাম আযম ঢাকা বেতার কেন্দ্র থেকে একটি ভাষণ দেন। এ ভাষণে তিনি ভারতের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ” ভারত সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ করে কার্যত পূর্ব পাকিস্তানিদের দেশপ্রেমকে চ্যালেঞ্জ করেছে।…আমি বিশ্বাস করি যে, এই অনুপ্রবেশকারীরা পূর্ব পাকিস্তানি মুসলমানদের নিকট হতে কোন প্রকার সাহায্য পাবে না।
৩০ জুন লাহোরে সাংবাদিকদের কাছে গোলাম আযম বলেন, “তাঁর দল পূর্ব পাকিস্তানে দুস্কৃতকারীদের তৎপরতা দমন করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং এ কারণেই দুস্কৃতকারীদের হাতে বহু জামায়াত কর্মী নিহত হয়েছে। ১৯৭১ সালের ১০ এপ্রিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে গোলাম আযম পাকিস্তানের সামরিক শাসকের সাথে দেখা করে ঢাকায় শান্তি কমিটি গঠন করেন। এর সদস্য ছিলেন পাকিস্তানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্বরা। গোলাম আযম এই কমিটির নেতা ছিলেন।
১৯৭১ সালের ৫ ও ৬ সেপ্টেম্বর দৈনিক সংগ্রাম এ গোলাম আযমের পশ্চিম পাকিস্তান সফরকালের একটি সাক্ষাৎকারের পূর্ণ বিবরণ দুই কিস্তিতে ছাপা হয়। এই সাক্ষাতকারে তিনি মুক্তিবাহিনীর সাথে তার দলের সদ্স্যদের সংঘর্ষের বিভিন্ন বিবরণ ও পূর্ব পাকিস্তান পরিস্থতির ওপর মন্তব্য করেন। তিনি বলেন “বিচ্ছিন্নতাবাদীরা জামায়াতকে মনে করতো পহেলা নম্বরের দুশমন। তারা তালিকা তৈরি করেছে এবং জামায়াতের লোকদের বেছে বেছে হত্যা করছে, তাদের বাড়িঘর লুট করে জ্বালিয়ে দিয়েছে এবং দিচ্ছে। এতদসত্বেও জামায়াত কর্মীরা দেশের প্রতিরক্ষায় বাধ্য। কেননা তারা জানে ‘বাংলাদেশে’ ইসলাম ও মুসলমানদের জন্য কোনো স্থান হতে পারে না। জামায়াত কর্মীরা শহিদ হতে পারে কিন্তু পরিবর্তিত হতে পারে না।”[৩৮]
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তার জন্য রাজাকার বাহিনী গঠনের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা এ কে এম ইউসুফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।যিনি পরবর্তীতে দলটির নায়েবে আমির হন। তিনি খুলনায় শান্তি কমিটির প্রধান ছিলেন।
পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা দানকারী নিন্দিত আধা-সামরিক বাহিনী আল-বদরের সাথে জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা-কর্মীরা সম্পৃক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। যদিও জামায়াত প্রায়শই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বলে উল্লেখ করে থাকে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক ইতোমধ্যেই এই সংগঠনের বেশ কয়েকজন নেতাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে ফাঁসি ও অন্যান্য দন্ডের আদেশ দেয়া হয়েছে। যদিও এই রায়কে আন্তর্জাতিক মহল তৎকালীন সরকারের উদ্দেশ্যপ্রণোদিত রায় বলে অভিহিত করেছেন।
জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার এবং পাকিস্তান বিভক্তির বিরোধীতা করেছিল। প্রায়শই জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধীতার পিছনে ভারতীয় আধিপত্যের আশঙ্কা এবং ইসলামী আন্দোলনের স্বার্থকে সামনে আনে।
দলটির অনেক নেতাকর্মী সেসময় গঠিত আধা-সামরিক বাহিনীতে যোগদান করেছিল বলে অভিযোগ রয়েছ, যারা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।জামায়াতে ইসলামীর সদস্যরা আধাসামরিক বাহিনী শান্তি কমিটি গঠনে নেতৃত্ব দিয়েছিল।
১৯৭২ সালে সরকার জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করে এবং দলের নেতারা পাকিস্তানে নির্বাসনে চলে যান। পরবর্তীতে ১৯৭৫ সালে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিব হত্যাকাণ্ডের পর এবং কয়েকটি সামরিক অভ্যুত্থানের পর ১৯৭৭ সালে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। দলটির নেতাকর্মীরা ফিরে আসার অনুমতি পান এবং ১৯৭৯ সালের মে মাসে তৎকালীন জামায়াতে ইসলামীর অত্যন্ত প্রভাবশালী নেতা আব্বাস আলী খানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের উদ্দেশ্য হলো শরিয়াহ ভিত্তিক একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যা পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে লক্ষ্য করা যায়।
কোন রাজনৈতিক দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেও পরবর্তীতে সে দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বেশ বিরল ঘটনা। কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সেটি কিছুটা ব্যতিক্রম।
এই দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি আলোচিত এবং সমালোচিত নাম।
এই দলটিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তীব্র বিতর্ক থাকলেও বাংলাদেশে তাদের সমর্থকগোষ্ঠী রয়েছে।
মুক্তিযুদ্ধ পরবর্তী জামায়াতে ইসলামী
বাংলাদেশ স্বাধীন হবার পরে ১৯৭২ সালের সংবিধানর ৩৮ ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয় । যেহেতু জামায়াতে ইসলামীর রাজনীতির মূল উপজীব্য ধর্ম, সেজন্য স্বাধীন বাংলাদেশে দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়।
১৯৮০-এর দশকে জামায়াত গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বহুদলীয় জোটে যোগদান করে। এসময় দলটি বাংলাদেশ আওয়ামী লীগ ও সমসাময়িক বিরোধী দলগুলোর সঙ্গে আন্দোলন করে। পরবর্তীতে দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন করে। পরবর্তীতে ২০০১ সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে বিএনপির সাথে আরো অন্য দুটি দলসহ চারদলীয় ঐক্যজোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে চারদলীয় ঐক্যজোট জয়লাভ করলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের অধীনে জামায়াতের দুজন সদস্য মন্ত্রী নির্বাচিত হন।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসনামলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর কোন অস্তিত্ব ছিল না। কিন্তু দৃশ্যপট বদলে যেতে থাকে মুজিব হত্যাকাণ্ডের পর।
উনিশশো ছিয়াত্তর সালের ৩রা মে রাষ্ট্রপতি এ.এস.এম সায়েম একটি অধ্যাদেশ জারি করেন।এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
তখন মি. সায়েম রাষ্ট্রপতি পদে থাকলেও ক্ষমতার মূল চাবি ছিল জিয়াউর রহমানের হাতে।এরপর জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ করা ছিল শুধুই সময়ের ব্যাপার।কিন্তু জামায়াত ইসলামী সাথে সাথে আত্মপ্রকাশ করেনি। রাজনীতিতে তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে।
যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামীর বিরুদ্ধচারণ তখনো সবার মনে টাটকা ছিল, সেজন্য দলটি তাৎক্ষনিকভাবে জামায়াতে ইসলামী নামে আত্মপ্রকাশ করেনি। এজন্য তারা ভিন্ন একটি রাজনৈতিক দল বেছে নেয়

ছিয়াত্তর সালের ২৪শে আগস্ট জামায়াতে ইসলামী এবং আরো কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ (আই.ডি.এল) নামের একটি রাজনৈতিক প্লাটফর্ম গঠন করে।
জামায়াতে ইসলামীর সদস্যরা এই দলটির সাথে সম্পৃক্ত হয়ে প্রকাশ্য রাজনীতিতে আসেন।ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা ১৯৭৯ সালের নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করেন।
সে নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতারা স্বাধীন বাংলাদেশের সংসদে প্রথমবারের মতো আসেন।সে বছরই জামায়াতে ইসলামীর একটি কনভেনশন আহবান করা হয়।
উনিশশো উনআশি সালের মে মাসের ২৫, ২৬ এবং ২৭ তারিখে ঢাকার ইডেন হোটেল প্রাঙ্গণে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়।আব্বাস আলী খানের আহবানে সে কনভেনশনে উপস্থিত ছিলেন প্রায় সাড়ে চারশো জন সদস্য।
সেই কনভেনশনে গোলাম আযমের একটি ভাষণ পড়ে শোনানো হয়।এই সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
সেটির ভিত্তিতে ১৯৭৯ সালের ২৭শে মে চার দফা কর্মসূচী নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশে কর্মতৎপরতা শুরু করে।এরপর থেকে জামায়াতে ইসলামী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সভা-সমাবেশও করেছে।এরশাদবিরোধী আন্দোলনের সময়ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতা প্রকাশ্যে ছিল।
আন্দোলন সামাল দেবার জন্য জেনারেল এইচএম এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন।সে সময় জামায়াতে ইসলামীকেও আলোচনার জন্য ডেকেছিলেন জেনারেল এরশাদ।
জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে জামায়াতে ইসলামী ১৮ টি আসনে জয়লাভ করে।জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি।
জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপির পক্ষে সরকার গঠন সম্ভব হতো না।তখন থেকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠে জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামী ও গোলাম আযম
বাংলাদেশ স্বাধীন হবার আগে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর ছিলেন গোলাম আযম। উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ২২শে নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান যান।
উনিশশো আটাত্তর সালে পাকিস্তানী পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে।তবে তিনি আর ফিরে যাননি। স্বাধীন বাংলাদেশে গোলাম আযম ১৯৮১ সালে প্রথম জনসমক্ষে আসেন।
ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে নিহত ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নিতে গিয়ে সেখানেই প্রতিবাদের মুখে পড়েছিলেন বলে প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন।
নাগরিকত্ব না থাকার পরেও জামায়াতে ইসলামী চলতো গোলাম আযমের নির্দেশনায়।জামায়াতে ইসলামীর প্রয়াত এক নেতা একেএম নাজির আহমেদের বই ‘রাজনীতিতে জামায়াতে ইসলামী’ থেকে বিষয়টি জানা যায়।
মি. আহমেদ লিখেছেন, “১৯৭৮ সনে দেশে ফেরার পর থেকে অধ্যাপক গোলাম আযম বারবার আমীরে জামায়াত নির্বাচিত হয়ে আসছিলেন। তার নাগরিকত্ব ছিলো না বিধায় রাজনৈতিক অঙ্গনে ভূমিকা পালন করতেন ভারপ্রাপ্ত আমীর জনাব আব্বাস আলী খান।”
সে ধারাবাহিকতায় ১৯৯২-৯৪ সালের জন্য জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হন গোলাম আযম।জামায়াতে ইসলামী তখন গোলাম আযমের নাম প্রকাশ্যে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল।
নাজির আহমেদ লিখেছেন, “এই নির্বাচনে অধ্যাপক গোলাম আযম আমীরে জামায়াতে নির্বাচিত হলে তাঁর নাম প্রকাশ্যে ঘোষণা করা হবে কিনা বিষয়টি কেন্দ্রীয় কর্মপরিষদ ও শেষে কেন্দ্রীয় মজলিসে শূরায় আলোচিত হয়। আলোচনান্তে সিদ্ধান্ত হয় যে এবার প্রকাশ্যে নাম ঘোষণা করা হবে।”
গোলাম আযমকে জামায়াতের প্রকাশ্য আমীর ঘোষণা করা হয়, তখন জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে গোলাম আযমের বিরুদ্ধে বড় ধরণের আন্দোলন গড়ে উঠেছিল।আন্দোলনের মুখে নাগরিকত্বের প্রশ্নে গোলাম আযমকে জেলে যেতে হয়েছিল।
জেনারেল এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন ছিল, আর সমর্থনের বিনিময়ে গোলাম আযমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এক অনানুষ্ঠানিক সমঝোতা হয়।

কয়েক বছর আগে গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ-হিল আমান আযমী বিবিবি বাংলাকে বলেছিলেন, “এই সমঝোতা বা অনুকূল পরিবেশের সুযোগ নিয়েই জামায়াত গোলাম আযমকে প্রকাশ্যে আমির ঘোষণা করে। কিন্তু একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়ে বিরানব্বই সালের মার্চ মাসে গোলাম আযমকে গ্রেফতার করেছিল। সেই গ্রেফতারের ক্ষেত্রে বিদেশি নাগরিক হয়ে দেশের একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার অভিযোগ আনা হয়েছিল”।
মি. আযমী আরও বলেছিলেন, নাগরিকত্বের প্রশ্নে হাইকোর্টে জামায়াত রিট মামলা করে এর পক্ষে রায় পেয়েছিল।
কিন্তু তখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিল।সুপ্রিমকোর্টে আপিল বিভাগ থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে ১৬ মাস জেল খাটার পর গোলাম আযম বেরিয়ে এসেছিলেন।
দুই হাজার আট সালের পরের জামায়াত
দুই হাজার আট সালের একেবারে শেষদিকে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
এরপর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার শুরু হয়।সে বিচারে গোলাম আযমসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের অনেকেই দণ্ডিত হয়।
বয়সের কথা বিবেচনা করে গোলাম আযমকে আমৃত্যু কারাদণ্ড দিলে কারাগারেই তার মৃত্যু হয়।এছাড়া দলটির অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ অনেকেরই মৃত্যুদণ্ড হয়।
মতাদর্শ
এই সংগঠনের সকল কার্যাবলীর প্রেরণা হল আল্লাহর উপর বিশ্বাস রেখে, তাকে একমাত্র উপাস্য, কল্যাণকারী, আশ্রয়দাতা, সাহায্যকারী, রক্ষাকর্তা মেনে নেয়া এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্রে ইসলামের অনুশাসন প্রতিষ্ঠা করা তথা শরিয়াহ আইন প্রবর্তন করা।
তবে ২০১২ সালের অক্টোবরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের গঠনতন্ত্রে ব্যাপক সংশোধন আনে। নতুন সংশোধনীর মাধ্যমে দলটি গঠনতন্ত্র থেকে আল্লাহ প্রদত্ত ও রাসুল প্রদর্শিত ইসলামি রাষ্ট্রব্যবস্থার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করে।
জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর গঠনতন্ত্র অনুসারে, কুরআনে বর্ণিত আল্লাহর আইন অনুসারে সমগ্র রাষ্ট্রে পরিপূর্ণ ইসলামি শাসনতন্ত্র কায়েম করা। ইসলামকে বিভক্তির হাত থেকে রক্ষা করে সমগ্র রাষ্ট্রে সম্পূর্ণরূপে কায়েম করিবার জন্য চেষ্টা ও সাধনা করা এবং আল্লাহর নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্যসমূহ যেমন নামাজ, রোজা, হজ্জ ও যাকাত ইত্যাদি পালনে নাগরিকদের সচেতন করা। এসবের মাধ্যমে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বপ্রকার অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি এবং বিশৃংখলা হইতে রক্ষা করিবার চেষ্টা করা। দায়িত্বশীল নাগরিক এবং চরিত্রবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে শোষনহীন সমাজ ও রাষ্ট্র গঠন করে জনসাধারণের সামগ্রিক কল্যাণ সাধন করা এবং বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের সংগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
তবে ২০১২ সালের অক্টোবরে গঠনতন্ত্রে আনীত সংশোধন অনুযায়ী এই দলটি ইসলামি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা উল্লেখ করে।
বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ভূমিকা মূল্যায়ন করে, কুষ্টিয়া ইসলামী
বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন:
জামাআতে ইসলামী উপমহাদেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল। দলটি বেশ কিছু ইতিবাচক কাজ করেছে। এর মধ্যে রয়েছে: (১) তারা প্রমাণ করেছে যে ইসলাম একটি সম্পূর্ণ জীবন বিধান, এটি একটি বাস্তব ব্যবস্থা, এবং এটি সর্বোত্তম জীবন ব্যবস্থা; ২) তারা নিজেদেরকে যুবক-যুবতীদের এবং শিক্ষিত লোকদেরকে ইসলাম সম্পর্কে এই সত্যগুলি বোঝার জন্য সক্ষম করেছে, (৩) তারা মূলত ইসলামি অর্থনীতি, শিক্ষা ইত্যাদির জন্য মানুষকে অনুপ্রাণিত করেছে; (৪) তারা সমাজে বিদ্যমান কুসংস্কার, যেমন ব্যক্তি, পীর, কবর পূজার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে সফল হয়েছে।
পাশাপাশি জাহাঙ্গীর এর নেতিবাচক দিকগুলো নিয়ে বলেন,জামায়াত-ই-ইসলামীর রাজনীতিতে বেশ কিছু ত্রুটি খুঁজে পাওয়া যায় (১) তারা রাজনীতিকে জিহাদ হিসেবে চিহ্নিত করেছে। এটি মাওলানা মওদুদী প্রথম করেন। (২) তারা ইকামতে দ্বীনের (ধর্ম প্রতিষ্ঠা) ধারণার অর্থকে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় হ্রাস করে মারাত্মক ভুল করেছে; (৩) দলটি তার আদর্শের সাথে আপস করেছে এবং ক্ষমতার রাজনীতিতে আরও মনোনিবেশ করেছে এবং ক্ষমতার জন্য ধর্মনিরপেক্ষ দল এবং জনগণের সাথে জোট করেছে এবং (৪) মুক্তিযুদ্ধের সময় জামায়াত এমন এক দলের সমর্থন করেছিল এবং তার পক্ষে অস্ত্র নিয়েছিল যাকে আগে এরা “অমুসলিম “তাগুতি” (অত্যাচারী) সরকার” বলে অভিহিত করেছিল।” এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল।
জাহাঙ্গীর আরও বলেন, ১৯৭১-এ শুধু জামআতে ইসলামী নয়, পাশাপাশি পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের অন্যান্য অধিকাংশ ইসলামি দল ও গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, কারণ অধিকাংশ ইসলিমী দল ও গোষ্ঠী পাকিস্তানের বিভাজনকে ইসলাম ও মুসলিমদের জন্য ক্ষতিকর বলে মনে করেছিল।


